বন্যা পরিস্থিতিতে দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন। শুক্রবার রাজধানীতে দলীয় কার্যালয়ে ওয়ার্কার্স পার্টির স্ট্যান্ডিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বন্যা ও ত্রাণ সমন্বয় করার জন্য সভায় দলের পক্ষ থেকে পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিককে আহ্বায়ক করে তিন সদস্যের একটি ত্রাণ কমিটি গঠন করা হয়। এসময় মন্ত্রী অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বানও জানান।
রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড নুরুল হাসান, কমরেড নুর আহমদ বকুল ও কমরেড কামরুল আহসান।
সভায় দেশের বন্যা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে পার্টির পক্ষ থেকে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হয়। সভায় বলা হয়, বর্তমান যে অবস্থা তা আগামী মধ্য আগস্টে বাড়ার আশঙ্কা রয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যার কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে এবং আগামীতে আরও বাড়তে পারে।
/ইএইচএস/এমও/এপিএইচ/








