বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনকে (৮ অগস্ট) জাতীয় দিবস ঘোষণা করে তা পালনের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
রবিবার (৩০ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, ফজিলাতুন নেসা, মনোয়ারা বেগম, আমিনা আহমেদ, সালমা ইসলাম ও রিফাত আমিন বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৩ জুলাই সংসদীয় কমিটির বৈঠকে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম ৮ অগস্টকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব করেছিলেন। ওইদিন তিনি বলেছিলেন, ‘ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনকে জাতীয় দিবস হিসেবে পালনের জন্য সংসদীয় কমিটির পক্ষ থেকে কোনও দিক নির্দেশনা এলে ভাল হয়।’
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন জাতীয় দিবস ঘোষণার বিষয়ে রবিবারের বৈঠকে বলা হয়, তরুণ প্রজন্মের কাছে ফজিলাতুন্নেসা মুজিবের জীবন সংগ্রাম, শেখ মুজিবুর রহমানের কারাবাসকালীন আওয়ামী লীগ ও অংগসংগঠনগুলোকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংগঠিত করা এবং তার দেশপ্রেমের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ফজিলাতুন্নেসার জন্মদিনকে জাতীয় দিবস হিসেবে পালনের সুপারিশ করা হয়।’
বৈঠকে বলা হয়, এ সুপারিশ মন্ত্রিসভার অনুমোদন পেলে জাতীয়ভাবে দিবসটি পালনের মাধ্যমে সারাদেশে স্বাধীনতা সংগ্রাম ও শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের অবদানকে তুলে ধরা সম্ভব হবে।
সংসদীয় কমিটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে আগামী ৮ আগস্ট বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।
বৈঠকে জানানো হয়, নারী ও শিশু বান্ধব সেবা দেওয়ার লক্ষ্যে দেশে বর্তমানে বিভিন্ন পুলিশ স্টেশনে ৪৭১ জন নারী পুলিশ কর্মকর্তা এবং তিন হাজার ২৮৭ জন নারী পুলিশ কনস্টেবল কর্মরত আছেন।
/ইএইচএস/এসএমএ/








