জলাবদ্ধতা মোকাবিলায় বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন সড়কে দেখা গেছে নৌকা এবার খোদ রাজধানীর সড়কে দেখা মিললো রেসকিউ বোটের। যে শান্তিনগরের জলাবদ্ধতা ৯০ শতাংশ দূর হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, বৃহস্পতিবার দুপুরের টানা বৃষ্টির পর জলজটে আটকে পড়া মানুষকে পারাপারের জন্য সেখানেই এ ধরনের বিশেষ নৌকা নামালো ফায়ার সার্ভিস।
সরেজমিন দেখা গেছে, দুপুরের বৃষ্টিতে নগরীর অধিকাংশ সড়ক ও নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সড়ক জুড়ে থই থই করছে বৃষ্টি পানি। টানা বৃষ্টির কারণে সেই পানিও সহজে নামছে না। দীর্ঘক্ষণ জলাবদ্ধতায় আটকে থাকতে হয়েছে নগরবাসীকে। বৃষ্টির পরেই জলজটের পাশাপাশি দেখা দেয় তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সামনে এগুতে পারছিল না সড়কের যানবাহনগুলো। পুরো নগরী যেন থমকে পড়েছে। এতে স্কুল কলেজের শিক্ষার্থীসহ সবধরনের মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে। নগরজুড়ে তীব্র যানজট দেখা দিলে তা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে ট্রাফিক পুলিশকেও।
এ অবস্থায় গন্তব্যে পৌঁছার জন্য রাজধানীর শান্তিনগর এলাকায় সড়কের পানিতে রেস্কিউ বোট নামিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি)।সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও দৃশ্যটি ছড়িয়ে পড়েছে।
এদিকে শান্তিনগরের জলাবদ্ধতা নিরসনের জন্য বড় একটি প্রকল্প বাস্তবায়ন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থার মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বিভিন্ন সময় বলেছেন, প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়ন হলে শান্তিনগর এলাকায় কোনো জলাবদ্ধতা থাকবে না। তিনি দাবি করেন, এ পর্যন্ত প্রকল্পের প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। এরই মধ্যে নগরবাসী তার সুফল পেতে শুরু করেছে। প্রকল্পের কাজ আগস্টের মধ্যে শেষ হবে। তবে ফ্লাইওভার নির্মাণের কারণে এখনও কিছু জলাবদ্ধতা দেখা যাচ্ছে।
তবে মেয়রের এমন যুক্তির সঙ্গে মেলেনি বৃহস্পতিবারের চিত্র। এতে দেখা গেছে, এখনও আগের বছরগুলোর মতই শান্তিনগরে জলাবদ্ধতা রয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ সিটির একজন ইঞ্জিনিয়ার বাংলা ট্রিবিউনকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজ শান্তিনগরে যে পানি জমেছে তা থাকবে না। বৃষ্টির কিছুক্ষণ পর নেমে যাবে। এটা ফ্লাইওভারের জন্য সৃষ্টি হয়েছে।
শান্তিনগরের এমন পরিস্থিতির কারণে পল্টন, ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, মৌচাকসহ পুরো এলাকায় অসহনীয় যানজট দেখা গেছে। এসময় বেশকটি যানবাহন জলাবদ্ধতায় আটকে পড়ে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরের বৃষ্টিতে নগরীর মতিঝিল, গুলিস্তান, সচিবালয়, বঙ্গভবন এলাকা, আরামবাগ, ফকিরাপুল, রাজারবাগ, মালিবাগ, শান্তিনগর, সেগুনবাগিচা, নাজিম উদ্দিন রোড, গ্রিন রোড, কলাবাগান, কাঁঠাল বাগান, ধানমন্ডি, ফার্মগেট, কাওরান বাজার, মিরপুর, কালশী, শ্যামলী, মোহাম্মদপুর, কুড়িল, খিলক্ষেতসহ অধিকাংশ প্রধান সড়ক ও গলিতে তীব্র জলজট দেখা দেয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও এসব সড়কে যানবাহন চলাচলে গতি ফিরছে না। ফলে নগরবাসীকে তীব্র দুর্ভোগের পড়তে হয়েছে।
জানতে চাইলে ডিএসসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বলেন, বৃষ্টির সঙ্গে সঙ্গেই আমাদের পরিচ্ছন্নতা পরিদর্শক ও পরিচ্ছন্নতা কর্মীসহ ইমার্জেন্সি টিমকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। তারা শান্তিনগরসহ যেসব এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে সেসব এলাকার ড্রেন ও ম্যানহোলগুলো খুলে দিয়ে পানি নিষ্কাশনে কাজ করেছেন।
/এসএস/টিএন/








