মেট্রো রেল প্রকল্পের নির্মাণ কাজের জন্য রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার সকাল ১০টা থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় এবং এদিন রাত ৮টার পর আবার গ্যাস সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মিরপুরের যেসব এলাকায় গ্যাস সরবরাহ থাকবে সেগুলো হলো- চিড়িয়াখানা রোড, মিরপুর ১, ২, ৬, ৭ নম্বর সেকশন এবং মিরপুর ১০, ১১ ও ১২ নম্বর সেকশনের রাস্তার পূর্ব ও পশ্চিম পাশ, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি ও মিরপুর সেনানিবাসসহ আশপাশের এলাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমআরটি) মেট্রো রেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের নিমিত্তে ‘শাট ডাউন’ কাজের জন্য এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ বিষয়ে জানার জন্য তিতাসের হেল্প লাইনে যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা জানান, মেট্রো রেল প্রকল্পের পাইপলাইন স্থানান্তরের জান্য সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এলাকায় সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
/এসএস/এসএনএইচ/








