সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজেএস) জেনারেল আব্দুল রহমান বিন সালেহ আল-বানইয়ান সোমবার (৭ আগস্ট) সেনা সদর দফতরে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সুসম্পর্ক, প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে জানানো হয়, এর আগে সৌদি সশস্ত্র বাহিনীর সিজেএসকে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ দেয়। গার্ড অব অনার শেষে সেনাকুঞ্জ এলাকায় তিনি বৃক্ষরোপণ করেন।
আইএসপিআর জানিয়েছে, রবিবার (৬ আগস্ট) রাতে সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফের সম্মানে সেনাপ্রধান এক নৈশভোজের আয়োজন করেন। নৈশভোজ শেষে তাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ আর্মি ফ্রেন্ডশিপ মেডেল’ দেন সেনাপ্রধান।
জেনারেল আব্দুল রহমান বিন সালেহ আল-বানইয়ানের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল তিন দিনের রাষ্ট্রীয় সফরে ৬ আগস্ট সৌদির বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। সেখানে তাকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন লজিস্ট্কিস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।
সফরকালে এই প্রতিনিধি দল বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ), বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) পরিদর্শন করবেন। বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন শেষে মঙ্গলবার (৮ আগস্ট) প্রতিনিধি দলটির ঢাকা ত্যাগের কথা রয়েছে।
/জেইউ/টিআর/








