দশম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন রবিবার শুরু হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫টায় বৈঠক শুরু হবে। এর আগে বিকাল ৪টায় সংসদ ভবনে অনুষ্ঠেয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হবে। সাংবিধনিক বাধ্যবাধকতার এ অধিবেশন অল্প কয়েকদিন চলতে পারে বলে সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতা বলে গত ২২ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন। সংবিধানের বিধান অনুসারে দু’টি অধিবেশনের মধ্যকার বিরতি ৬০দিনের বেশি হতে পারবে না। সংসদের ষোড়শ অধিবেশন গত ১৩ জুলাই শেষ হয়।
অল্প কয়েকদিনের জন্য হলেও অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পেশ ও পাস হতে পারে। এবারের অধিবেশনে রোহিঙ্গা ইস্যু ও আদালতের রায় বাতিল হওয়া ঘোড়শ সংশোধনী নিয়ে ব্যাপক আলোচনা হতে পারে।
ষোড়শ সংশোধনী নিয়ে সংসদে আলোচনা হওয়ার বিষয়টি সরকার-বিরোধী দলের সংসদ সদস্যরা আগেই ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও বিষয়টি নিয়ে সংসদে আলোচনার কথা জানিয়েছেন।
সংসদের প্রথম দিনের কার্যসূচিতে দেখা গেছে প্রত্যেক অধিবেশনের শুরুর দিনের কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোকপ্রস্তাব অনুষ্ঠিত হবে। এরপর অনুষ্ঠিত হবে প্রশ্নোত্তর। প্রথম দিনে বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, খাদ্য এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে।
এছাড়া এ দিন তিনটি বিল উত্থাপন করা হবে। এগুলো হলো- শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ বিল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বিল। বিল উত্থাপনের পাশাপাশি একটি বিলের সংসদীয় কমিটির রিপোর্ট উপস্থাপিত হবে।








