ছয় জেলায় শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। গোপালগঞ্জ, রংপুর, কুষ্টিয়া, বরিশাল, লালমনিরহাট ও গাজীপুর থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানীর বরাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ওসি এ কে এম আলীনূর হোসেন (পিপিএম)।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে দুই জন নারী ও চার জন পুরুষ। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেবা গ্রিনলাইনের একটি নৈশকোচ ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুরের দিকে যাচ্ছিল। ঢাকাগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে বরাশুর এলাকায় ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ছয় যাত্রীর মৃত্যু হয়।
রংপুর: রংপুর নগরীর হাজিরহাট মুচির মোড় এলাকায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) নুর আলম।
নিহতরা হলেন- বুলবুল (২৬) ও আনসারুল (২৪)। তাদের বাড়ি নীলফামারী জেলার ডোমারে।
তিনি জানান, রংপুর থেকে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িগামী একটি লোকাল বাস নীলফামারীর ডোমার থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। ময়না তদন্তের জন্য লাশ দুটো রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় পান দোকানদার ও প্রত্যক্ষদর্শী আলী জানান, বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল । মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়।
কোতোয়ালি থানার এসআই নুর আলম জানান, ঘাতক বাসের ড্রাইভারকে আটকের চেষ্টা করা হচ্ছে। এলাকাবাসী ওই এলাকায় স্পিড ব্রেকার নির্মাণের দাবির জানিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কুষ্টিয়া: কুষ্টিয়ায় বাস থেকে পরে রবিউল ইসলাম (২১) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় অন্তত চার জন আহত হয়েছেন। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কুষ্টিয়া-খুলনা মহাসড়কের লক্ষীপুরের ১১ মাইল এলাকায় এ দুঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।
নিহত রবিউল সদর উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে। আহতরা হলেন- নাসিমা (৩০), আক্তার বানু (২৫), শিশু আলিফ (৯) ও মারুফ (৬)।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস ও ঢাকাগামী ইফাদ পরিবহন ১১ মাইল এলাকায় দ্রুত গতিতে অতিক্রম করতে গেলে দুই বাসের মাঝে একটি অটোরিকশা আটকে যায়। এ সময় বাস দুইটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে গড়াই পরিবহনের যাত্রী রবিউল ইসলাম রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রবিউল ইসলামকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়েছে।
বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে টমটম চাপায় আর্মড পুলিশ ব্যাটেলিয়নের এক কনস্টেবল নিহত হয়েছে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আলামিন শরীফ কর্নকাঠি এলাকার ৯নং ওয়ার্ডের বাসিন্দা সালাম শরীফের ছেলে এবং বরিশালে আর্মড পুলিশ ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, বরিশাল থেকে মোটরসাইকেলে করে বাড়ির যাওয়ার সময় তিনি বরিশাল বিশ্ববিদ্যাললের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় অপর দিক থেকে আসা একটি টমটম আলামিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, টমটম চালককে আটক করা না গেলেও টমটমটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক চাপায় আব্দুল মান্নান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকালে হাতীবান্ধা উপজেলার মিলনবাজার অন্ধ হাফেজের মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন সরদার।
নিহত আব্দুল মান্নান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও লালমনিরহাট-১ আসনের সাংসদ মোতাহার হোসেনের ভায়রা। এ দুর্ঘটনায় নিহতের স্ত্রী বড়খাতা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা আক্তার গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মান্নান তার স্ত্রীসহ মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার এলাকার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথে হাতীবান্ধা উপজেলার অন্ধ হাফেজের মাজার এলাকায় বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মটরসাইকেটটি ট্রাকের নিচে ঢুকে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রোজিনা আক্তারকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন সরদার জানান, ‘ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কাজ করছে।’
গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে সাখাওয়াত হোসেন (৩৮) নামে এক জন নিহত হয়েছেন। নিহত সাখাওয়াত ওই বাসের হেলপার ছিলেন। শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টাবাড়ী (নতুন বাজার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।
নিহত সাখাওয়াত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খলকপাড়া এলাকার নূরনবী আহম্মেদের ছেলে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমীন জানান, শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টাবাড়ী এলাকায় ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি খালি বাস একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের ভেতরে থাকা হেলপার সাখাওয়াত হোসেন ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের ভেতর কোনও যাত্রী ছিল না।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পর চালক বাসটি মহাসড়কের পাশে রেখে পালিয়ে গেছে। নিহতের স্বজনদের অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়তে পারেন: রোহিঙ্গাদের একত্রিত করে নিবন্ধন করা হবে: মায়া








