বিদ্যুতের অপচয়রোধে সবাইকে প্রিপেইড মিটার ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিদ্যুৎ দেশ ও জনগণের সম্পদ। সরকার সারাদেশে বিদ্যুতের অপচয় রোধে প্রিপেইড মিটার অন্তর্ভুক্ত করবে। বিদ্যুতের অপচয় রোধে প্রিপেইড মিটার ব্যবহার করুন। তাহলে হলে সিস্টেম লস হবে না।’ রবিবার (১০ সেপ্টেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৫৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দু’টি বিদ্যুৎকেন্দ্র, ত্রিপুরা থেকে অতিরিক্ত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি ও ১০ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি যেটুকু বিদ্যুৎ ব্যবহার করবেন, শুধু সেটুকুরই বিল আপনাকে পরিশোধ করতে হবে। প্রয়োজন শেষে নিজের ঘরের বৈদ্যুতিক বাতি ও ফ্যানের সুইচটি নিজ হাতে বন্ধ করে দিন। এ ব্যাপারে আমি সবার সহযোগিতা কামনা করি।’
জনগণের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘জনজীবনের পরিবর্তিত চাহিদাকে মূল্যায়নে রেখেই উন্নয়নে অগ্রাধিকার খাত চূড়ান্ত করছে সরকার।’ জনগণের জীবনমান বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘দ্রুত বিদ্যুতের চাহিদা বাড়া জনগণের জীবনমান বাড়ার বড় প্রমাণ।’
শেখ হাসিনা বলেন, ‘খাদ্যের পর বিদ্যুৎ ও যোগাযোগ খাতে জনগণের চাহিদা বাড়ায় অগ্রাধিকার ভিত্তিতে এসব খাতের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।’ উন্নয়নকে টেকসই রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় বিপথগামীদের জঙ্গিবাদের আত্মঘাতী পথ থেকে সরিয়ে আনতে শিক্ষক ও ইমামদের মতো সমাজের গণ্যমান্যদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা নতুন দু’টি বিদ্যুৎকেন্দ্র হলো—আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (নর্থ) ও কেরানীগঞ্জের ১০৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র।
শতভাগ বিদ্যুতের আওতায় আনা ১০ উপজেলা হলো—বাগেরহাট জেলার মোল্লাহাট, ফকিরহাট, দিনাজপুর জেলার হাকিমপুর, ঝিনাইদহের কোটচাঁদপুর, সিলেটের ফেঞ্চুগঞ্জ, সিলেট সদর, কুষ্টিয়ার ভেড়ামারা, কিশোগঞ্জের ভৈরব, চট্টগ্রামের সীতাকুণ্ডু ও নরসিংদী সদর উপজেলা।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের পাশাপাশি শিক্ষার্থী, দিনমজুর, চা শ্রমিক, শিক্ষক, ইমামসহ কিশোরগঞ্জ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, পটুয়াখালী, সিলেটসহ ৭ জেলা ও ১০ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সবাইকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান।
এই সময় গণভবনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।








