পেট্রোবাংলাকে জাতীয়করণের তফসিল থেকে বাদ দিয়ে এবং করপোরেশনগুলোর অনুমোদিত মূলধন নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে রেখে নতুন আইন পাসের প্রস্তাব উঠেছে জাতীয় সংসদে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু রবিবার সংসদে ‘বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ বিল, ২০১৭’ বিলটি উত্থাপণ করলে পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
এর আগে বিকাল সাড়ে ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম সংসদের ১৭তম অধিবেশনের প্রথম দিনের বৈঠক শুরু হয়।
১৯৭২ সালের ১৬ নম্বর অধ্যাদেশে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হয়েছিল। পরবর্তীতে এর সঙ্গে আরও কিছু সংশোধনী আনা হয়। এটি ইংরেজিতে ছিল ও অনেকগুলো অধ্যাদেশ সংযোজিত ছিল। মূল আইনে রাষ্ট্রপতির আদেশে যে তফসিল ছিল সেখানে ২৫০ এর ওপরে শিল্পপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছিল, সেটিই এখন বাংলায় করা হয়েছে। এই শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পেট্রোবাংলা ছিল, পেট্রোবাংলা আলাদা মন্ত্রণালয়ে চলে যাওয়ায় এখান থেকে বাদ দেওয়া হয়েছে।
প্রস্তাবিত আইনে কর্পোরেশনের অনুমোদিত মূলধন কী পরিমাণ হবে তা সরকারের হাতে রাখা হয়েছে। আইনের সংজ্ঞায় নতুন বিষয় সংযোজন করা হয়েছে, যেমন তফসিলভুক্ত শিল্প প্রতিষ্ঠান, প্রশাসনিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এগুলো বাদ দেওয়া এবং কোম্পানি আইন, তফসিল, বিধি, কয়েকটি শব্দ যোগ করা হয়েছে। সরকারের মালিকানাধীন বর্তমান শিল্প প্রতিষ্ঠানের নাম তফসিলে রাখা হয়েছে, যেগুলো বিক্রি হয়ে গেছে সেগুলো রাখা হয়নি।
বিলের তফসিলে বাংলাদেশ জুটমিলের আওতায় রয়েছে ৩১টি, বাংলাদেশ টেক্সটাইল মিল করপোরেশনের ৩২টি, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতায় ১৬টি, ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের আওতায় ১৩টি এবং বিসিআইসির আওতায় ১৯টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘সংশোধনী অধ্যাদেশ হালনাগাদ ও যুগোপযোগীকরণের উদ্দেশ্যে বিলটি পাসের প্রস্তাব করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আদালতের রায়ে সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বিল বাতিল হওয়ায় ‘বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ(ন্যাশনালাইজেশন) অর্ডার, ১৯৭২ অধ্যাদেশ কার্যকারিতা হারায়। মূল আইনটি ১০টি সংশোধনী হওয়ার এর প্রায় সম্পূর্ণ অংশই সংশোধিত হয়ে যায় এবং পেট্রোবাংলা সম্পর্কিত পৃথক আইন হওয়ার কারণে ওই অংশ বাদ দিয়ে ১০টি সংশোধিত অধ্যাদেশ সমন্বয়ে নতুন আইন পাসের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া সংসদে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০১৭’ উত্থাপন করা হয়েছে। রবিবার বিলটি উত্থাপন করেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিলটি উত্থাপণের পরে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চতর শিক্ষার প্রসার এবং বিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত আনুষাঙ্গিক বিষয়ে উন্নত শিক্ষাদান, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর এবং দেশে বিজ্ঞানের প্রসার বৃদ্ধির স্বার্থে জামালপুর জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।’
এদিকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বিল ,২০১৭ রবিবার সংসদে উত্থাপণ করা হয়েছে। সংসদের বৈঠকে বিলটি উত্থাপণ করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিলটি উত্থাপনের পর পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। সামরিক সরকারের আমলে জারি করা অধ্যাদেশ আদালতের রায়ে বাতিল হওয়ায় নতুন এই আইনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ইংরেজিতে প্রণীত অধ্যাদেশটি সংশোধন ও পরিমার্জন করে বাংলা ভাষায় প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মন্ত্রী বলেছেন, ‘রাজশাহী ও তার সন্নিহত এলাকার সমন্বয়ে একটি আধুনিক নগরী প্রতিষ্ঠার স্বার্থে উক্ত অঞ্চলের সুপরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা যাবে।’








