রোহিঙ্গাদের জন্য আরও ৩ কোটি পাউন্ড (প্রায় ৩২৮ কোটি টাকা) আর্থিক সহায়তা দেবে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসের চৌধুরীর সঙ্গে মতবিনিময়কালে যুক্তরাজ্যের ২ জন প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎকালে এ তথ্য জানান। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে রোহিঙ্গাদের জন্য দেশটি ৫৯ লাখ পাউন্ড আর্থিক সহায়তা দিয়েছিল যুক্তরাজ্য।
মতবিনিময়কালে উভয়ে মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিশেষত রোহিঙ্গাদের খাবার ও পানীয় জলের বিতরণ, ক্যাম্পের ভেতরের শৃঙ্খলা, রেজিস্ট্রেশন, বাসস্থান ইত্যাদি বিষয়ে মতবিনিময় করেন তারা। এত বিপুল পরিমাণ মানুষকে আশ্রয় দেওয়ায় দুই প্রতিমন্ত্রী বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের বন্যা ও সাইক্লোন সফলভাবে মোকাবিলায় সক্ষমতা অর্জন করায় প্রতিনিধি দল বাংলাদেশের প্রশংসা করে বলেন, বাংলাদেশ রোহিঙ্গা পরিস্থিতিও মোকাবিলা করতে সক্ষম হবে।
এ সময় ত্রাণমন্ত্রী বলেন, ‘নিতান্ত মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এখনও প্রতিদিন প্রচুর রোহিঙ্গা বাংলাদেশে আসছে। নির্যাতন অব্যাহত রেখে মিয়ানমার রোহিঙ্গাদের দেশত্যাগে বাধ্য করছে।’ তিনি বলেন, ‘মিয়ানমারকে রোহিঙ্গাদের দ্রুত ফেরত নিতে হবে।’
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়ায় ত্রাণমন্ত্রী যুক্তরাজ্যের পার্লামেন্ট ও সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশ্বের বিভিন্ন দেশের প্রতি চাপ অব্যাহত রাখতে ত্রাণমন্ত্রী তাদের প্রতি আহ্বান জানান। এ সময় বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতির সুষ্ঠু সমাধানে যুক্তরাজ্যের সার্বিক সহযোগিতার আশ্বাস দেয় প্রতিনিধি দল।
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন প্রলম্বিত হলে তাদের ভাসানচরে স্থানান্তর করা হবে বলে উল্লেখ করেন ত্রাণমন্ত্রী জানান। তিনি বলেন, ‘ইতোমধ্যে ভাসানচরকে বাস উপযোগী করতে নৌবাহিনী কাজ করছে।’
যুক্তরাজ্য প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড, বৈদেশিক সাহার্য বিষয়ক ডিপার্টমেন্টের প্রতিমন্ত্রী এলিস্টার বার্ট, পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক দক্ষিণ এশিয়া দফতরের প্রধান জন ভার্গ, ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত কমিশনার ডেভিড এশলে, রাজনৈতিক শাখার প্রধান পলা কোরান্স, ডিএফআইডি’র রোহিঙ্গা বিষয়ক টিম লিডার প্রমুখ।








