বাংলাদেশ ও ভারত মধ্যে আজ বুধবার (৪ অক্টোবর) ৪৫০ কোটি ডলারের তৃতীয় ক্রেডিট লাইন (এলওসি) চুক্তি সই হয়েছে। চুক্তি সই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং ঢাকা সফররত ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির উপস্থিত ছিলেন।
অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এই চুক্তি সই অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সচিব এবং ভারতের এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
বুধবার সকাল ১০টার দিকে ভারতের অর্থমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমান, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, ভারপ্রাপ্ত অর্থ সচিব মুসলিম চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে ১০টা ৫ মিনিটে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে দুই দেশের অর্থমন্ত্রীর বৈঠক শুরু হয়। শেষ হয় বেলা সাড়ে ১১টার দিকে। এরপরই চুক্তি সই হয় উভয় পক্ষের মধ্যে।
গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে বাংলাদেশের জন্য ৪৫০ কোটি ডলারের একটি ভারতীয় ক্রেডিট লাইনের ঘোষণা দেওয়া হয়। গত ছয় বছরে বাংলাদেশকে ভারতের দেওয়া সর্বমোট ক্রেডিট লাইনের পরিমান দাঁড়াবে ৮০০ কোটি ডলার। তৃতীয় ডলার ক্রেডিট লাইন চুক্তি সইয়ে বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিক কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা অর্জন করবে। বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের মধ্যে চুক্তি সংক্রান্ত একটি যৌথ ইন্টারপ্রেটিভ নোটও সই হয়। খবর বাসস।
আরও পড়ুন:
ভারতের স্বার্থেই স্থিতিশীল বাংলাদেশ প্রয়োজন: অরুণ জেটলি
মুহিত-অরুণ জেটলির বৈঠক চলছে








