আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘প্রধান বিচারপতি পদত্যাগপত্র দেননি। আমি চাই তিনি সুস্থ হয়ে দায়িত্বে ফিরবেন।’ বুধবার (৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত প্রধান বিচারপতি বর্তমানে নিজ বাসস্থানে আছেন। চিকিৎসক গতকাল (মঙ্গলবার) তাকে দেখেছেন, আজকেও (বুধবার) দেখবেন। আমি ডাক্তারের ক্লিয়ারেন্স পেলেই তাকে দেখতে যাবো। তার অসুস্থতা নিয়ে যারা মন্তব্য করছে সেটা দুঃখজনক। কারণ অসুস্থতা একটি ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে মন্তব্য করা উচিত নয়। তিনি অসুস্থ এটিই বড় কথা। উনি ওনার চিঠিতে লিখেছেন ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত এবং তার বিশ্রাম প্রয়োজন।’
অসুস্থ বিচারপতি হাসপাতালে কেন যাননি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এখন তো দেখছি তিনি অসুস্থ হয়ে আমাকে বিপদে ফেলেছেন। উনি হাসপাতালে কেন যাননি তা আমি জানি না।’
অপর এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘প্রধান বিচারপতির আসন খালি থাকতে পারে না। তাই সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতিকে অস্থায়ী বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আসুন সবাই মিলে বিচারপতির সুস্থতার জন্য দোয়া করি।’ তিনি বিএনপি নেতাদেরও প্রধান বিচারপতি এসকে সিনহার জন্য দোয়া করার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘সংবিধানে যা বলা আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ বাংলাদেশের মানুষের কাছে এ দেশের সংবিধান হচ্ছে সবচেয়ে বড় আ্ইন।’ প্রধান বিচারপতির অনুপস্থিতিতে কোনও শূন্যতা সৃষ্টি হয়নি বলেও এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি নিজের ছুটি নিজেই নিতে পারেন। তিনিও (এস কে সিনহা) তা পারতেন। কিন্তু তিনি তা না করে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। এটি অত্যন্ত ভালো কাজ করেছেন। উনি যদি এটি না করে নিজে নিজে ছুটি নিতেন তাহলে তো আপনারা আমাদের অন্যভাবে অভিযুক্ত করতেন।’
আরও পড়ুন:
প্রধান বিচারপতিকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে: ফখরুল







