রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় যুক্তরাজ্য শুধু রাজনৈতিক নয়, মানবিক সহায়তাও দিচ্ছে। যুক্তরাজ্যসহ অন্য দেশগুলোর আগ্রহে মিয়ানমার পরিস্থিতি নিয়ে চারবার নিরাপত্তা পরিষদে আলোচনা হয়েছে। নিরাপত্তা পরিষদে ব্রিটিশ প্রতিনিধি অবিলম্বে সহিংসতা বন্ধসহ মানবিক সহায়তা কার্যক্রম শুরুর আহ্বানও জানিয়েছেন। এর মধ্যে রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছে দেশটি।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) যুক্তরাজ্য দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে যুক্তরাজ্য সরকারের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিফিড) ১০ হাজার শেল্টার কিট, সাড়ে ১০ হাজার স্লিপিং ম্যাট ও ২০ হাজার কম্বল পাঠিয়েছে। কক্সবাজারের কুতুপালং ও বালুখালী ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (৪ অক্টোবর) থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ শুরু হয়েছে এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত এই কার্যক্রম চলবে। এছাড়া, গত ২৫ আগস্ট থেকে বাংলাদেশে রোহিঙ্গারা আসতে শুরু করলে তাদের সহায়তার জন্য ৩০ মিলিয়ন পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার।
এর মধ্যে আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড ঢাকা সফর করেছেন। তারা রোহিঙ্গা সমস্যা নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আন্তর্জাতিক সহায়তা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করেছেন।
আরও পড়ুন-
মিয়ানমারের ‘মিথ্যা’ প্রতিশ্রুতিতে ‘বিভীষিকার চিহ্ন’ দেখছে রোহিঙ্গারা
রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে নিতে হবে: পুতিনকে সৌদি বাদশা








