তামাকজাত পণ্য থেকে পাওয়া সারচার্জের অর্থ হাসপাতালে সেবার মানোন্নয়নে ব্যয়ের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে বৈঠকে মো. শহীদুজ্জামান সরকার, মো. রহমত আলী, আব্দুল কুদ্দুস, আব্দুল মজিদ খান, মীর মোস্তাক আহম্মেদ রবি অংশ নেন।
তামাকজাত পণ্য থেকে সরকার ১ শতাংশ হারে যে সারচার্জ পায়, তা হাসপাতালগুলোর সেবার মানোন্নয়নে ব্যয় করার প্রস্তাব দেয় কমিটি। এছাড়া তামাক চাষের পরিবর্তে কৃষক যেন সবজি চাষে উদ্বুদ্ধ হয়, সেজন্য প্রণোদনা দেওয়ারও পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে বলা হয়েছে, দেশের সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডাক্তারের পদ থাকলেও মফস্বলে পদ অনুযায়ী লোকবল নেই। হাসপাতালগুলোর পরিচ্ছন্নতাসহ সার্বিক পরিবেশ মানসম্মত নয়। এ কারণে জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এ জন্য কমিটি সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও সার্বিক ব্যবস্থাপনার মান বৃদ্ধি করে হাসপাতালে সেবার মান নিশ্চিত করার সুপারিশ করা হয়।
এছাড়া সরকারি হাসপাতালে ডাক্তার পদায়নের ক্ষেত্রে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন এবং পদায়নকৃত ডাক্তার যেন নির্দিষ্ট সময়ের আগে ডেপুটেশনে বদলি হতে না পারেন, তার ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।








