গাজীপুর জেলায় দখল হওয়া ৩৮৪টি পুকুর ও জলাশয় পুনঃরুদ্ধারে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী এক মাসের মধ্যে দখল হওয়া এসব পুকুর-জলাশয় পুনরুদ্ধার করে গাজীপুরের জেলা প্রশাসককে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর আদালত স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।
স্থানীয় সরকার সচিব, পরিবেশ সচিব, স্বরাষ্ট্র সচিব, ভূমি সচিব, পুলিশের আইজি, গাজীপুরের ডিসি-এসপিকে ও গাজীপুরের সব থানার সহকারি কমিশনারকে (ভূমি) রুলের জবাব দিতে বলা হয়েছে।
‘সরকারি পুকুর ভরাট করে দখলের হিড়িক’ শিরোনামে একটি সংবাদ মঙ্গলবার (১০ অক্টোবর) শীর্ষ একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে তার ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন আদালত।
এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস, সহকারি অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, আগামী ১২ নভেম্বর সরকারি পুকুর জলাশয়ের তালিকা করে দাখিল করতে বলেছেন আদালত।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের একাংশে উল্লেখ করা হয়েছে, জেলা প্রশাসকের তৈরি করা সর্বশেষ তালিকা অনুযায়ী দেখা গেছে, জেলায় মোট খাসপুকুরের সংখ্যা ৩৮৪টি। এর মধ্যে শহরে ও আশেপাশে ৪৬টি ভরাট করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক মুহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে দখলকরা পুকুর উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন:
বাংলাদেশে প্রবেশ করছে আরও হাজার হাজার রোহিঙ্গা (ছবিতে)
জামায়াতের শীর্ষ নেতাদের আটকের প্রতিবাদে শিবিরের তাৎক্ষণিক বিক্ষোভ








