প্রধান বিচারপতি এস কে সিনহা অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। দেশটি সফরের উদ্দেশ্যে সস্ত্রীক ভিসা পাওয়ার পর বিষয়টি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করে মঙ্গলবার দুপুরে আইন মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছেন বর্তমানে ছুটিতে থাকা প্রধান বিচারপতি। এদিকে বিচারপতির বিদেশ সফরের আগে আগে সরকারি বাসভবনে বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন তার স্বজনরা।
জানা গেছে, মঙ্গলবার দুপুরের পর থেকে প্রধান বিচারপতি এস কে সিনহার সরকারি বাসভবনে যান তার ভাগ্নি, বেয়াই, বেয়াইন ও ভাই। প্রধান বিচারপতি এস কে সিনহা আগামী ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকতে চান। বিষয়টি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিতও করেছেন তিনি।
দুপুরের পর সন্ধ্যায় প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন তার বেয়াই ও বেয়াইন। তারা ৬টা ৪৫ মিনিটের দিকে আসেন এবং দীর্ঘসময় তার বাসায় অবস্থান করেন।
এছাড়া, প্রধান বিচারপতির ভাই (সহোদর নন) সাক্ষাৎ শেষে বের হয়ে আসেন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। তিনি জানান, প্রধান বিচারপতি স্বাভাবিক রয়েছেন। তবে কবে বিদেশ যাচ্ছেন এ বিষয়ে আলাপ হয়নি।
উল্লেখ্য, ২৫ দিনের অবকাশ শেষে ৩ অক্টোবর সুপ্রিম কোর্ট খোলার দিনই অসুস্থতার কারণ দেখিয়ে ১ নভেম্বর পর্যন্ত এক মাসের ছুটিতে যান সুরেন্দ্র কুমার সিনহা। এ নিয়ে রাজনৈতিকমহল ও আইনজীবীদের মধ্যে আলোচনার ঝড় ওঠে।
প্রসঙ্গত, সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায় এবং বিচারিক আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি সংক্রান্ত গেজেট নিয়ে সরকারের সঙ্গে প্রধান বিচারপতির মতপার্থক্য দেখা দেওয়ায় প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানোর অভিযোগ তোলেন বিরোধীদলীয় রাজনীতিবিদসহ আইনজীবী সমিতির একাংশ। তবে সরকার ও আওয়ামী লীগ এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। প্রধান বিচারপতি বা আদালতের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এর মধ্যেই প্রধান বিচারপতি সস্ত্রীক অস্ট্রেলিয়ায় যেতে পাঁচ বছরের ভিসার জন্য দূতাবাসে আবেদন করেন। দেশটিতে বর্তমানে তাদের বড় মেয়ে সূচনা সিনহা অবস্থান করছেন। তাদের তিন বছরের ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া দূতাবাস।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৭ জানুয়ারিতে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া প্রধান বিচারপতির আগামী ৩১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা রয়েছে।








