
ছুটির অষ্টম দিনটি বাসভবনেই কাটালেন প্রধান বিচারপতি এস কে সিনহা। এর আগে বিভিন্ন সময় তিনি চিকিৎসা ও ভিসা সংক্রান্ত কাজে বের হলেও আজ বুধবার একবারও বাইরে বের হননি। তবে সারাদিনই বিভিন্ন কাজে তার বাসভবনে গিয়েছেন চিকিৎসকসহ সুপ্রিম কোর্টের একাধিক কর্মকর্তা।এদিকে,আজ প্রধান বিচারপতির অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়ে জিও (গভর্নমেন্ট অর্ডার) জারির ফাইলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাক্ষর করেছেন বলে রাত সাড়ে আটটায় নিশ্চিত করেছেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।
বুধবার প্রধান বিচারপতির সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎকারীদের মধ্যে ছিলেন সাবেক বিচারপতি আব্দুর রশীদ, সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী,অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ড. সালেক আহমেদ,বেঞ্চ রিডার মাহবুব হোসেন ও প্রধান বিচারপতির বোন তৃষ্ণা সিনহা।
বুধবার দুপুরে প্রধান বিচারপতির স্বাস্থ্য পরীক্ষা করতে তার বাসভবনে প্রবেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ড. সালেক আহমেদ। বেলা ১২টা ৫৪ মিনিটে প্রবেশ করে ১টা ১০ মিনিটে বাসভবন থেকে বের হয়ে আসেন তিনি।
সুপ্রিম কোর্টের বেঞ্চ রিডার মাহবুব হোসেনকে এস কে সিনহার বাসভবনে ঢুকতে দেখা যায় দুই দফায়। প্রথমে ২টা ৪৫ মিনিটে ঢুকে ৩টা ৫০ মিনিটে বের হন তিনি। এরপর আবার ৫টা ৪৮ মিনিটে বাসাটি ঢুকে তিনি বের হন ৫টা ৫৫ মিনিটে।
সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বিকাল ৫টা ৩৫ মিনিটে হেঁটে ঢোকেন বাসভবনটির পশ্চিম গেট দিয়ে। এর ১০ মিনিট পর প্রধান বিচারপতির গাড়ি নিয়ে তার চালককে বাসাটিতে ঢুকতে দেখা যায়, সন্ধ্যা ৬টা ২১ মিনিটে পশ্চিম গেট দিয়ে গাড়িটি বের হয়ে যায়। তবে গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিলেন না।
সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে প্রধান বিচারপতির বাসভবনে ঢোকেন সাবেক বিচারপতি আব্দুর রশিদ। তিনি বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করেন।
সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী তার বাসভবনে প্রবেশ করেন এবং আটটায় বেরিয়ে যান।
৮টা ১০ মিনিটে ঢোকেন প্রধান বিচারপতির বোন তৃষ্ণা সিনহা।
উল্লেখ্য, গত ২ অক্টোবর একমাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এস কে সিনহা। তিনি আগামী ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকতে চান বলেও রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। মঙ্গলবার দুপুরের পর থেকেই প্রধান বিচারপতি এস কে সিনহার সরকারি বাসভবনে যাচ্ছেন তার স্বজনরা।








