স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ শনিবার (২১ অক্টোবর) লন্ডনে পৌঁছেছেন। শনিবার লন্ডনের স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি ব্রিটিশ রাজধানীর হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার প্রেস সচিব জয়নাল আবেদীনের উদ্ধৃতি দিয়ে উপ-প্রেস সচিব এম আবুল কালাম আজাদ একথা জানান।
লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এর আগে রাষ্ট্রপতি আজ সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদের লন্ডনে মোরফিল্ড চক্ষু হাসপাতাল ও বুপা ক্রমওয়েল হাসপাতালে ডাক্তার দেখাবেন। চিকিৎসা শেষে আগামী ২৯ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা।
এর আগে রাষ্ট্রপতি গত এপ্রিলে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে গিয়েছিলেন। আবদুল হামিদ দীর্ঘদিন যাবত চোখের গ্লুকমা সমস্যায় ভুগছেন। খবর বাসস।








