স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,তামাকের কারণে বাংলাদেশে প্রতি বছর এক লাখ মানুষ মারা যায়। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) মন্ত্রণালয়ের সভা কক্ষে ‘বিষ বাতাস’ নামক একটি টিভি স্পটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছরে সরকার তামাক খাত থেকে ১৬ হাজার ৮০০ কোটি টাকা রাজস্ব পেয়েছে। তবে তামাকজনিত রোগে আক্রান্তদের চিকিৎসায় সরকারের ব্যয় হয়েছে এর দ্বিগুণ।
‘বিষ বাতাস’ নামের এ স্পটটি বৃহস্পতিবার থেকে আগামী পাঁচ সপ্তাহ বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) দেশের প্রধান প্রধান বেসরকারি টিভি চ্যানেলগুলোতে প্রায় ৫ হাজার বার প্রচারিত হবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে ১৫-৬৪ বছর বয়সীদের মধ্যে ৪৩.৩ ভাগ বা ৪ কোটি ৩০ লাখের বেশি মানুষ তামাক সেবন করে থাকেন। এ হার পুরুষের মধ্যে ৫৮ ভাগ এবং নারীদের মধ্যে ২৯ ভাগ।
তিনি বলেন, ‘তামাকের ভয়াবহতা থেকে মানুষের জীবন রক্ষা ও ২০৪০ সালের মধ্যে দেশকে ধূমপান মুক্ত করতে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে এই প্রচার অভিযান চালানো হচ্ছে।’ খবর বাসস।








