এ মাসেই ঢাকার খাল উদ্ধার শুরু: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৭, ১৫:৫৫আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১৯:৫৪

বক্তব্য রাখছেন মেয়র সাঈদ খোকন

ঢাকা মহানগরের দখল হওয়া খাল উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, ঢাকার অনেক খাল দখল হয়ে গেছে। যে কারণে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। আজ কামরাঙ্গীর চরের কালু নগর খাল উদ্ধারের মাধ্যমে আমাদের খাল উদ্ধার অভিযান শুরু হয়েছে। এ মাসের মধ্যেই খাল উদ্ধার করা হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর চাঁনখারপুল এলাকায় ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মেয়র আরও বলেন, আমরা পরিচ্ছন্ন ঢাকা গড়ার জন্য নগরীর প্রতিটি সড়ক মোড়ে মিনি ডাস্টবিন তৈরি করেছি। কিন্তু অনেক বিন চুরি হয়ে গেছে। কিছু বাহনের ধাক্কায় নষ্ট হয়ে গেছে। যেগুলো চুরি হয়েছে সেগুলো আবার লাগিয়ে দেবো। এসময় তিনি রাস্তায় বর্জ্য না ফেলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান।

মেয়র বলেন, আজ  থেকে ঢাকা জেলা প্রশাসন, ডিএসসিসি এবং ঢাকা ওয়াসার যৌথ উদ্যোগে খাল অবৈধ দখলমুক্ত অভিযান শুরু করা হয়েছে। খাল উদ্ধার না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে। আইনি জটিলতা বা আদালতের নিষেধাজ্ঞা নেই এমন সব খাল অবৈধ দখলমুক্ত করে উদ্ধার কার্যক্রম চালানো হবে।

পরে অনুষ্ঠানে এলাকাবাসীর প্রশ্নোত্তরে বকশীবাজার থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত স্যুয়ারেজ লাইনের ময়লা আগামীকাল শুক্রবার থেকেই জেট অ্যান্ড সাকার মেশিন দিয়ে পরিষ্কারের জন্য তিনি সংস্থার পরিচ্ছন্নতা বিভাগকে নির্দেশ দেন। বকশীবাজার এলাকায় সুপেয় পানির সমস্যা দূরীকরণে আগামী ১ মাসের মধ্যে পানির পাম্প বসানোরও প্রতিশ্রুতি দেন।

এসময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সামনে বন্ধ হয়ে থাকা সড়কের মেরামত কাজও আগামীকাল থেকেই শুরু করার জন্য প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেন মেয়র।

পরে মেয়র চাঁনখারপুল মোড় হতে জেলখানা হয়ে ৩৩ নং সোয়ারীঘাট পর্যন্ত ‘নাজিমউদ্দিন রোডের উন্নয়ন, পাইপ ড্রেন নির্মাণ ও নর্দমা উন্নয়ন কাজ’ এবং চাঁনখারপুল মার্কেটের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় এক হাজার ২৩০ মিটার রাস্তার দুই পাশে ১ হাজার ৫০ মিলিমিটার, ৯০০ মিলিমিটার ও ৭৫০ মিলিমিটার পাইপ দিয়ে খোলা নর্দমা পুনর্নির্মাণ, খোয়া, মেকাডাম, লেভেলিং ও কার্পেটিং করা হবে। ফলে হোসেনি দালান, নবাববাগিচা, নাজিমউদ্দিন রোডে সামান্য বৃষ্টিতেই সৃষ্ট জলাবদ্ধতা সমস্যা পুরোপুরি নিরসন করা সম্ভব হবে। এ কাজ ২০১৭ সালের শেষ নাগাদ সমাপ্ত হবে।

ডিএসসিসির ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আবদাল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান প্রকৌশলী ফরাজী মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর শফিকুল আলমসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম