প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিদেশ থেকে ফিরে এসে দায়িত্ব গ্রহণ করা সুদূর পরাহত বলে ফের মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রবিবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, প্রধান বিচারপতির দেশে ফিরে আসা এবং দায়িত্ব গ্রহণ করা সুদূর পরাহত।’
এর আগে গত ১৪ অক্টোবর তিনি বলেছিলেন, ‘বাস্তব অবস্থা বিবেচনা করলে প্রধান বিচারপতির বিদেশ সফর শেষে ফিরে এসে দায়িত্ব গ্রহণ সুদূর পরাহত ব্যাপার। দেশ ছাড়ার পর সুপ্রিম কোর্টের দেওয়া বিবৃতির মাধ্যমে প্রধান বিচারপতিকে নিয়ে সব বিভ্রান্তির অবসান হয়েছে।’
ওই সময় তিনি আরও বলেছিলেন, ‘প্রধান বিচারপতিকে বেঞ্চে বসার ব্যাপারে সরকার বিরত করেনি। তার বিরুদ্ধে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় সহকর্মীরা প্রধান বিচারপতির সঙ্গে বসতে রাজি হননি। এজন্য ছুটি নিতে তিনি বাধ্য হয়েছেন। এটা দেশবাসীর জানা উচিত।’








