গ্যাস উত্তোলন ও সরবরাহকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের সঙ্গে কানাডাভিত্তিক নাইকো এবং পেট্রোবাংলার গ্যাস সরবরাহের চুক্তি অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ। ফলে আগামী ৭ ডিসেম্বর ওই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এসময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
জানা গেছে, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বাংলাদেশে গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য ২০০৩ ও ২০০৬ সালে নাইকোর সঙ্গে বাপেক্স ও পেট্রোবাংলার চুক্তি দুটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। এ মামলায় আদালতে নাইকো সংক্রান্ত ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন আদালতে লড়া বাপেক্স ও পেট্রোবাংলার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মঈন গনি।
এরপর জনস্বার্থে করা ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ২০১৬ সালের ৯ মে বাপেক্সের সঙ্গে নাইকোর করা যৌথ উদ্যোগ চুক্তি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত ওই চুক্তির কার্যকারিতা স্থগিত করেছিলেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক, পেট্রোবাংলার চেয়ারম্যান এবং নাইকো কানাডা ও নাইকো বাংলাদেশকে রুলের জবাব দিতে বলা হয়। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে চলতি বছরের ২৪ আগস্ট গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য এক যুগের বেশি আগে সরকারি প্রতিষ্ঠান বাপেক্সের সঙ্গে কানাডীয় কোম্পানি নাইকোর করা যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেনচার) চুক্তি বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।
পাশাপাশি পেট্রোবাংলার সঙ্গে নাইকোর গ্যাস সরবরাহ ও কেনাবেচার চুক্তিও বাতিল ঘোষণা করেন উচ্চ আদালত। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
এরপর হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়। কিন্তু আজ আপিল বিভাগ চার সপ্তাহের জন্য আবেদনটির শুনানি মুলতবি করেন।








