আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন। বিকাল ৪টায় এ অধিবেশন শুরু হবে।
২৪ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন ।
জাতীয় সংসদের এ অধিবেশন ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী, এক অধিবেশন সমাপ্তির পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসতে হবে। ফলে এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী বছরের জানুয়ারিরে সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন আহ্বান করতে হবে। ওই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। ওই ভাষণের ওপর নিয়ম অনুযায়ী আলোচনা অনুষ্ঠিত হবে।
রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হয়ে থাকে। ফলে অষ্টাদশ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ারই কথা রয়েছে।
সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন হতে পারে। এছাড়া সমসাময়িক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। অবশ্য আগামীকাল বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম নির্ধারণ করা হবে।
গত ১৪ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন শেষ হয়। গত ১০ সেপ্টেম্বর ওই অধিবেশন শুরু হয়। মোট ৫ কার্যদিবসের সপ্তদশ অধিবেশনে দুটি সরকারি বিল পাস হয়। খবর বাসস।







