জাতীয় সংসদে আবারও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে। চলমান অষ্টাদশ অধিবেশনেই এ বিষয়ে আলোচনা হবে। রবিবার (১২ নভেম্বর) সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া’, রোহিঙ্গা ইস্যু ও সিপিএ সম্মেলন সফলভাবে সম্পন্ন করার দিন নির্ধারণ করে সংসদের বৈঠকে আলোচনা হবে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত সপ্তদশ অধিবেশনে রোহিঙ্গা ইস্যু নিয়ে সংসদে আলোচনা শেষে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবে বলা হয়, রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব দিয়ে নিরাপদে বসবাস করার সুযোগ করে দিতে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ দিতে হবে।
বিভিন্ন দেশের আরও ৭৭টি ঐতিহাসিক নথি ও প্রামাণ্য দলিলের সঙ্গে বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণকেও গত মাসের শেষে ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে মেমোরি অফ দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে যুক্ত করেছে ইউনেস্কো। এই স্বীকৃতিকে আগামী ২৫ নভেম্বর উৎসব করে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- বৈঠকে সংসদের কার্যউপদেষ্টা কমিটির সদস্য এবং সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ‘সাত মার্চ হলো জাতির মূল চালিকা শক্তি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাত মার্চের ভাষণে গেরিলা যুদ্ধের দিক নির্দেশনাসহ অর্থনৈতিক মুক্তির আহ্বান জানিয়েছিলেন। সম্প্রতি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার নতুন দুয়ার উন্মোচন করেছে, যা বিশ্বব্যাপী সমাদৃত হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আসম ফিরোজ, আবুল হাসনাত আব্দুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম ও মইন উদ্দীন খান বাদল।








