আগামী ৩০ নভেম্বরের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে গাজীপুরে আন্দোলনের মুখে বন্ধ হয়ে যাওয়া লাক্সমা সোয়েটার লিমিটেড কর্তৃপক্ষ। তবে তা বিশ্বাস করতে পারছেন না কারখানাটির শ্রমিকরা।
ওই সোয়েটার কারখানার মালিকদের একজনের সঙ্গে কথা বলেছেন কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা। সাফিনা নামের ওই মালিক অধিদফতরের কর্মকর্তাদের জানিয়েছেন, আগামীকাল সোমবার অধিদফতরে গিয়ে তিনি কথা বলবেন এবং আগামী ৩০ নভেম্বর শ্রমিকদের বেতন পরিশোধের চেষ্টা করবেন। তবে আন্দোলনরত শ্রমিকরা বলছেন, আগেও এ ধরনের আশ্বাস মালিকপক্ষ দিয়েছিল। কিন্তু তারা কথা রাখেনি। তাই বকেয়া বেতন আদায় না হওয়া পর্যন্ত কাওরান বাজারে অধিদফতরের সামনে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাবেন তারা। অবশ্য সন্ধ্যায় শ্রমিকরা অধিদফতরের সামনে থেকে সরে কাওরান বাজারেই বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেন।
বকেয়া বেতন পরিশোধের দাবি এবং নোটিশ ছাড়া কারখানা বন্ধ করার প্রতিবাদে রবিবার দুপুর ১২টা থেকে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর ঘেরাও করে বিক্ষোভ করছেন গাজীপুরের লাক্সমা সোয়েটার লিমিটেডের শ্রমিকরা।কারখানাটির শ্রমিকরা জানান, গত দুই মাসের বেতন বাকি রয়েছে। তা পরিশোধ না করেই গত ২৯ অক্টোবর রাতে হঠাৎ করে গার্মেন্টসটি বন্ধ করে দেওয়া হয়। এরপর একাধিকবার বিষয়টি গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ এবং অন্যান্য কর্তৃপক্ষের কাছে জানানো হলেও কাজ হয়নি।
বিক্ষোভ চলাকালে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের শ্রমিকদের প্রতিনিধিরা কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কর্মকর্তাদের কাছে তাদের দাবির কথা জানান। এরপর অধিদফতরের পক্ষ থেকে মালিক দুই বোনের একজনের (সাফিনা) সঙ্গে কথা বলেন যুগ্ম মহাপরিদর্শক মো. সামশুল আলম খান। তখন সাফিনা জানান, ৩০ নভেম্বর বকেয়া বেতন পরিশোধের চেষ্টা করবেন তিনি।
কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের যুগ্ম মহাপরিদর্শক মো. সামশুল আলম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মালিকের সঙ্গে কথা বলেছি। তিনি আগামীকাল আসবেন। ৩০ নভেম্বর বকেয়া বেতন পরিশোধের তারিখ রয়েছে বলে জানিয়েছেন তিনি।’
কী কারণে হঠাৎ শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ করা হলো এমন প্রশ্নে মো. সামশুল আলম বলেন, ‘কারখানার মূল মালিক মারা গেছেন। এখন তার দুই মেয়ে ফ্যাক্টরিটি চালাচ্ছেন। এটা অনেক পুরনো ও ভালো প্রতিষ্ঠান। কেন তারা বন্ধ করে দিলেন, সেটা উনি আমাদের এখানে আসার পরই জানা যাবে। আমরা মূল ঘটনা জেনে সমাধানের চেষ্টা করব।’
নিজেদের দাবি নিয়ে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘আমরা শ্রমিকদের সমস্যার কথা জানিয়েছি। তারা বলছে, ৩০ তারিখ বেতন পরিশোধ করবে। কিন্তু তাদের আশ্বাসে আমরা বিশ্বাস রাখতে পারছি না। আমরা এই দাবি নিয়ে বিজিএমইএ গিয়েছি দুইবার, গাজীপুর ডিসি অফিসে গিয়েছি। বারবার তারা আশ্বাস দিয়েছেন, কিন্তু কথা রাখেননি। আমরা বকেয়া বেতন আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না।’
আন্দোলনরত শ্রমিকরা জানান, গাজীপুরের লাক্সমা সোয়েটার লিমিটেডে এক হাজার ১০০ জন শ্রমিক কাজ করতেন। গত ৩০ অক্টোবর কাজ করতে এসে দেখেন ফাক্টরি তালাবদ্ধ। কোনও ঘোষণা ছাড়া বকেয়া বেতন না দিয়েই মালিকপক্ষ ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছেন। এরপর থেকে আন্দোলনে রয়েছেন তারা। বারবার আশ্বস্ত করা হলেও বকেয়া পরিশোধ করেননি তারা। তাই কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর ঘেরাও করে বকেয়া আদায়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা।








