প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ভিশন নিয়ে দেশ এখন এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের দেশে উন্নীত হতে চলেছে। গত কয়েক বছরে দারিদ্র্য বিমোচন, যোগাযোগ অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, কৃষি, তথ্য ও প্রযুক্তিখাতের উল্লেখযোগ্য সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সফল হবে।’ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কিথ হ্যানসেনের সঙ্গে বৈঠকে তিনি এ সব কথা বলেন।
ওয়াশিংটনে বিশ্বব্যাংকের উদ্যোগে চলমান ‘নলেজ শেয়ারিং ইভেন্ট ২০১৭’ সম্মেলনে অংশ নিতে স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মঙ্গলবার তিন দিনব্যাপী এই ইভেন্ট শুরু হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, সহিংসতার কারণে মিয়ানমার থেকে পালিয়ে আসা সেদেশের নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দিয়ে ‘মাদার অব হিউম্যানিটি’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়, খাদ্য ও চিকিৎসা দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন, তার প্রশংসা করে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্রিত রোহিঙ্গাদের সাহায্যে তাদের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। এ সময় খুব দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের মাঝে চিকিৎসা সহায়তা দিতে সফল পদক্ষেপ নেওয়ায় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা।
এ সময় বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহম্মেদ, অর্থ মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিবসহ বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








