প্রাইভেট ইউনিভার্সিটির র্যাংকিং করার প্রক্রিয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য ড. আব্দুর রব। তিনি বলেছেন, ‘পারসেপচুয়াল পদ্ধতিতে কিছু দুর্বলতা রয়েছে বলে আমি মনে করি। এছাড়া র্যান্ডম স্যাম্পলিং করা সম্ভব হলে গবেষণাটির ফলাফল আরও ভালো হতো। এ র্যাংকিং নিয়ে সমালোচনা একটু হবেই কিন্তু বাংলা ট্রিবিউন খুবই সময়োপযোগী কাজ করেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আরও ভালো র্যাংকিং আশা করি। এর জন্য যত সহযোগিতা লাগে তা আমরা করবো।’ আগামীতে আরও ভালোভাবে র্যাংকিংয়ের কাজ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
‘প্রাইভেট ইউনিভার্সিটি র্যাংকিং’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে এসব কথা বলেছেন ড. আব্দুর রব। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিওতে এ বৈঠকি অনুষ্ঠিত হয়।
এসময় ড. আব্দুর রব বলেন, ‘ইউজিসি এর কাছে যে ডাটা থাকে তা অনেক সময় পুরাতন বা ভুল হতে পারে। ফলে র্যাংকিং করার সময় তথ্যগুলো ক্রস চেক করে দেখা উচিত। ইউজিসির পক্ষে তো এই কাজটি করা সম্ভব নয়। গবেষকদেরকেই এ কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আপনারা যখন গবেষণাটি করেছেন, তখন কি কোনও বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অনুমতি নিয়েছেন? কোন কোন বিশ্ববিদ্যালয় এই র্যাংকিংয়ের আওতায় আসতে চায় সেটাও জানার দরকার ছিল।’
বৈঠকিতে আরও অংশ নিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ও ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট বেনজির আহমেদ, ওআরজি কোয়েস্ট রিসার্চের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম মঞ্জুরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিটি সরাসরি সম্প্রচার করেছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের হোমপেজ ও ফেসবুক পেজেও সরাসরি দেখানো হয়েছে।
আরও সংবাদ:
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়কে একপেশে করে দেখার কোনও সুযোগ নেই’
‘সাম্প্রতিক তথ্য নিয়ে র্যাংকিং করা হলে খুবই ভালো হতো’
‘সীমাবদ্ধতা থাকলেও সর্বশেষ ডেটা নিয়ে র্যাংকিং করা হয়েছে’
পৃথিবীর কোনও গবেষণাই শতভাগ বস্তুনিষ্ঠ নয়: ইউজিসি চেয়ারম্যান
শিক্ষার্থী-অভিভাবকদের সিদ্ধান্ত নেওয়ায় সহায়তা করতেই র্যাংকিং: জুলফিকার রাসেল








