বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ওয়ার্কিং গ্রুপ গঠনের কাজ শেষ হওয়ার পরপরই রোহিঙ্গাদের প্রত্যাবাসন কাজ শুরু হবে।’
রবিবার (৩ ডিসেম্বর) উখিয়ার বালুখালীর দ্বিতীয় ক্যাম্পে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। দেশের জনগণের মাঝে শেখ হাসিনার সাহসী ও মানবিক মনোভাব ইতিবাচক সাড়া ফেলেছে। ইতোমধ্যে প্রায় সাড়ে সাত লাখ মিয়ানমারের নাগরিক এদেশে এসেছে। তাদের সসম্মানে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে বিশ্বব্যাপী জনমত তৈরিতে সরকারের দক্ষতা প্রমাণ হয়েছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ ও ইইউসহ প্রতিবেশী দেশগুলো বাংলাদেশ সরকারের পাশে রয়েছে। তারা সরকারের প্রশংসা করছে। কিন্তু বিএনপিই একমাত্র দল, যারা রোহিঙ্গা ইস্যুতে সরকারের সমালোচনা করছে। মূলত তারা আওয়ামী লীগ সরকারের প্রশংসাকে ভয় পাচ্ছেন।’
এসময় শামসুল হক চৌধুরী এমপি, আশিক উল্যাহ রফিক এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।








