তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, উন্নয়নশীল দেশের জন্য সমাজতান্ত্রিক পথ অনুসরণ করা মঙ্গলজনক। কারণ, তা উন্নয়নও দেবে বৈষম্যও কমাবে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশে সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মনোভাব ব্যক্ত করেন তিনি।
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী বলেন, ‘শি জিনপিং পুনরায় চীনা কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি এবং চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যে নীতিমালা গ্রহণ করেছেন, বাংলাদেশের জনগণ ও রাজনীতিবিদদের তা জানাতে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন। উন্নয়নকামী বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম দেশ চীনের এ ঘনিষ্ঠ মতবিনিময় উভয় দেশের জন্য মঙ্গলজনক।’
চীনা প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা বিষয়ে হাসানুল হক ইনু বলেন, ‘‘বৈঠকে আমরা বলেছি, বাংলাদেশ ‘এক চীন নীতি’ সমর্থন করে। চীনের প্রেসিডেন্ট যে ‘ওয়ান বেল্ট-ওয়ান রোড’ নীতি গ্রহণ করেছেন সেটিও সমর্থন করে। আমরা মনে করি, উন্নয়নশীল দেশের জন্য সমাজতান্ত্রিক পথ অনুসরণ করা মঙ্গলজনক। কারণ, তা উন্নয়নও দেবে বৈষম্যও কমাবে। সেই সঙ্গে সামরিকীকরণ, আধিপত্যবাদ ও বাইরের হস্তক্ষেপ থেকে মুক্ত বিশ্বায়নের সমর্থক বাংলাদেশ।’
তথ্যমন্ত্রী বৈঠকে রোহিঙ্গা বিষয়টি উত্থাপন করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বলেছি, রোহিঙ্গাদের নিয়ে যে সমস্যা রয়েছে এর শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশ চীনের সক্রিয় সমর্থন ও জোরালো ভূমিকা আশা করে।’
এর আগে বৈঠকে চীনা দলনেতা ওয়াং ইয়াজুন পুনরায় নির্বাচিত তাদের পার্টির জেনারেল সেক্রেটারি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শুভেচ্ছা ব্যক্ত করেন। চীনের নতুন নীতিমালা ব্যাখ্যাকালে তিনি বলেন, ‘দুদেশের যৌথ উদ্যোগগুলোতে চীনের পক্ষ থেকে দ্রুত অর্থ ছাড় দেওয়া হবে।’
চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক অ্যাসিসট্যান্ট মিনিস্টার ওয়াং ইয়াজুনের নেতৃত্বে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিংচিংসহ সাত সদস্যের দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট দলগুলোর প্রতিনিধিদের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৈঠকে অংশ নেন বাংলাদেশের সাম্যবাদী দলের জেনারেল সেক্রেটারি দিলীপ বড়ুয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাসদ নেতা ড. আনোয়ার হোসেন প্রমুখ।
বৈঠক শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর হাতে চীনা কমিউনিস্ট পার্টির শুভেচ্ছা স্মারক তুলে দেন চীনা প্রতিনিধি দলের দলনেতা ও চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক অ্যাসিসট্যান্ট মিনিস্টার ওয়াং ইয়াজুন।








