রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে একটি ভোট কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করা হবে। করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের শালবনে সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে (১৪১ নম্বর কেন্দ্র) এই ইভিএম ব্যবহার করা হবে। এই কেন্দ্রে মোট বুথ রয়েছে ছয়টি। বুধবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারের জন্য এই কেন্দ্রটি চূড়ান্ত করেছে বলে জানা গেছে। রংপুরের এই কেন্দ্রে ইভিএম ব্যবহারের মধ্যদিয়ে দীর্ঘ পাঁচ বছর পর ফের ইভিএম- এ ফিরলো কমিশন।
এর আগে নির্বাচনের তফসিল ঘোষণার দিন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা রংপুর সিটি করপোরেশনের ১/২টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করার কথা জানিয়েছিলেন।
জানা গেছে, যে কেন্দ্রটিতে ইভিএম ব্যবহার হবে সেখানে দু’হাজার ৫৯ জন ভোটার রয়েছেন। নিউ শালবন ও শালবন এলাকার এসব ভোটার ছয়টি কক্ষে ইভিএমের মাধ্যমে তাদের ভোট প্রদান করবেন। ফলে ১৯৩টি ভোট কেন্দ্রের ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ ভোটারের মধ্যে দশমিক শূন্য ৫২ শতাংশ ভোটার ইভিএমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
এদিকে, এই নতুন মেশিনে ভোটদানে ভোটারদের উৎসাহ দিতে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এই কেন্দ্রের ভোটারদের পরীক্ষামূলক ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে। যাতে নির্ভুলভাবে তারা ভোট দিতে পারেন তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইভিএম ব্যবহারের জন্য স্থানীয়ভাবে ব্যাপক প্রচার-প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে নতুন ইভিএমের মাধ্যমে ভোট প্রদান ও ভোটারদের সচেতন করতে ভিডিও চিত্র তৈরি করা হবে।
জানা গেছে, ইসি ২০১৬ সালে রকিব কমিশন নিজেদের উদ্যোগে ইভিএম বানানোর কাজ শুরু করে। রংপুর সিটিতে ইসির তৈরি যন্ত্রটির প্রথম পরীক্ষামূলক ব্যবহার হতে যাচ্ছে।
ইভিএমের বিষয়ে রংপুর সিটির রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, ভোটাররা যাতে সহজে ইভিএম ব্যবহার করতে পারেন, তার জন্য একটি কেন্দ্রে বৃহস্পতিবার থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ট্রায়াল ভোটিং চলবে। আমরা এজন্য এলাকায় প্রচারণাও করছি।
প্রসঙ্গত, দেশের ইতিহাসে ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারের মতো সীমিত পরিসরে ইভিএমের ব্যবহার শুরু হয়। তবে বুয়েটের তৈরি ওইসব ইভিএমের কারিগরি ত্রুটির ও রাজনৈতিক বিরোধিতার কারণে ২০১২ সালের পর আর কোনও নির্বাচনে তা ব্যবহার হয়নি। এবার সীমিত পরিসরে মাত্র একটি কেন্দ্রে ইভিএম ব্যবহার হচ্ছে। কমিশন জানিয়েছে, ভবিষ্যতে পুরোপুরি প্রযুক্তি নির্ভর ভোটের দিকে যাওয়ার চিন্তা থেকেই তারা এই ইভিএম ব্যবহার করছে। কমিশনের কর্মকর্তা জানান, আপাতত জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের চিন্তা না থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে ধারাবাহিকভাবে ইভিএম ব্যবহার চালিয়ে যাবে ইসি।








