তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শনে আগামীকাল বুধবার (২০ ডিসেম্বর) কক্সবাজারে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে সোমবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাকায় এসে পৌঁছেছেন তিনি।
বিনালি ইলদিরিম মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি এসময় পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন এবং তার সফরের স্মারক হিসেবে একটি চারাগাছ রোপণ করেন।
এছাড়া তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। তিনি এসময় জাদুঘরের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেখানেও পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। পরে শেরে বাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যান্সার ইউনিট উদ্বোধন করেন তুরস্কের প্রধানমন্ত্রী।
বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম রোহিঙ্গাসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সন্ধ্যায় রাষ্ট্রপতি এম আবদুল হামিদের সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া তার সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এক নৈশভোজেও যোগ দিবেন তিনি। বাসস।








