৮টি কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল করেছে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার ডিএসসিসি’র সংশ্লিষ্ট বিভাগ থেকে জারি করা এক আদেশে প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স বাতিল করা হয়। একই সঙ্গে এদের বিরুদ্ধে ১২টি মামলাও দায়ের করা হয়েছে।
ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসূফ আলী সরদার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। লাইসেন্স বাতিল করা কোচিং সেন্টারগুলো হলো- এক্সপার্ট একাডেমি কোচিং, গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুল, গ্রিনহিল টিউটরিয়াল, কম্বাইন টিউটরিয়াল, উদ্ভাস কোচিং সেন্টার, সানি হিলস স্কুল অ্যান্ড কলেজ, গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ, ক্যাডেট একাডেমি ও রকিবুল ইসলাম অনার্স কোচিং।
এদের মধ্যে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুল, সানি হিলস স্কুল অ্যান্ড কলেজ ও গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ, স্কুলের নামে কোচিং চালিয়ে আসছিল।
ইউসূফ আলী সরদার বলেন, ‘আমরা ধরে ধরে সব কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল করছি। নতুন করেও আর কোনও অনুমোদন দেওয়া হচ্ছে না। তাছাড়া তারা আইন লঙ্ঘণ করে নগরীর বিভিন্ন স্থানে ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগিয়ে আসছে। এজন্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ১২টি মামলাও করা হয়েছে।’
এর আগে, গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ওভারহেড সাইনবোর্ড অপসারণ না করায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৬টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করে। ফার্মগেট এলাকায় অবস্থিত ওই কোচিং সেন্টারগুলো হলো- ইউসিসি কোচিং সেন্টার, ইউনিএইড কোচিং সেন্টার, আইকন কোচিং সেন্টার, আইকন প্লাস কোচিং সেন্টার, ওমেকা কোচিং সেন্টার এবং প্যারাগন কোচিং সেন্টার।
আরও পড়ুন: ৬টি কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল








