গার্মেন্টস শ্রমিকদের বেসিক বেতন ১০ হাজার এবং গ্রস ১৬ হাজার টাকা ধার্য করার দাবিতে সমাবেশ করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। শুক্রবার সকালে বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা মিছিল নিয়ে এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন। সমাবেশ থেকে এসব দাবি করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘যেই গার্মেন্টস শ্রমিকরা বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখে তারাই আজ অবহেলিত। নিত্য প্রয়োজনীয় জিনিসসহ তেল, গ্যাস, বিদ্যুৎ সবকিছুর দাম বাড়তি। সবার বেতন বাড়ে আমাদের বাড়ছে না। প্রতি পাঁচ বছর পর নূন্যতম মজুরি নির্ধারণ করা হয়। এত সময় নিয়ে কেন, আরও আগেই তা কেন করা হয় না।’
বক্তারা আরও বলেন, ‘মধ্যম আয়ের দেশ ঘোষণা করা হয়। মধ্যম আয়ের দেশের মানুষের আয় কতো? মধ্যম আয়ের দেশ বলবেন আর ৫ হাজার ২০০ টাকা বেতন দিবেন। তা হবে না, তা হবে না।’
ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা না করা হলে সমগ্র বাংলাদেশ অবরোধ করে দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। সমাবেশে তাজরীন দুর্ঘটনায় আহত শ্রমিকদের জন্য চিকিৎসা ক্যাম্প এবং পুনর্বাসনের দাবিও জানানো হয়।
শ্রমিক সমাবেশে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি কাজী রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ অন্যান্য নেতারা।








