‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নে আমাদের টেস্ট ক্রিকেটের মতো সবাইকে নিয়ে টিমওয়ার্ক করতে হবে এবং বহুদূর যেতে হবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পাওয়ার পর আজ রবিবার (৩১ ডিসেম্বর) বেলা সোয়া ৩টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ অভিমত ব্যক্ত করেন মো. নজিবুর রহমান।
প্রশাসনের ৮২ ব্যাচের কর্মকর্তা মো. নজিবুর রহমানকে মুখ্য সচিব পদে নিয়োগের আদেশ রবিবার সকালে জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সর্বশেষ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে কর্মরত ছিলেন তিনি।
ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে তাঁর মুখ্য সচিব হিসেবে নিয়োগ প্রদান করেছেন। জাতির জনকের সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, দেশরত্ম, ‘মাদার অব হিউমিনিটি’ এর সরাসরি তত্ত্বাবধানে কাজ করার জন্য এটি একটি বিরল সুযোগ। এ সুযোগ প্রদানের জন্য আমি প্রধানমন্ত্রীকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। প্রধানমন্ত্রীর সুযোগ্য দিক-নির্দেশনা এবং অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রাজ্ঞ তত্ত্বাবধান এবং সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং মাঠ প্রশাসনসহ সব অংশীজনের সহায়তায় উদ্ভাবনী পদ্ধতিতে আমরা সারাদেশে রাজস্ব এবং ব্যবসা-বিনিয়োগ বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠায় সাফল্য অর্জন করেছি।’
এতে তিনি আরও বলেন, ‘সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামোর আওতায় রাজস্ব আহরণে সাফল্য টি-টুয়েন্টি ম্যাচ জয়ের মতো। জনকল্যাণে সংগৃহীত রাজস্বের সদ্ব্যবহার করে ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নে আমাদের টেস্ট ক্রিকেটের মতো সবাইকে নিয়ে টিমওয়ার্ক করতে হবে এবং বহুদূর যেতে হবে। এ যাত্রা আমাদের জয়যাত্রা হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এজন্য সবার অব্যাহত সহযোগিতা ও দোয়া কামনা করছি।








