শাসক নয়, সেবক হিসেবে কাজ করবো: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ জানুয়ারি ২০১৮, ১১:২০আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১১:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি শাসক নয়, সেবক হিসেবে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ক্ষমতায় এসেই ঘোষণা দিয়েছিলাম শাসক নয়, সেবক হিসেবে কাজ করবো। সেভাবেই কাজ করছি।’

মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাজসেবা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীন জাতিকে গড়ে তুলতে জাতির পিতা যে সংবিধান দিয়েছিলেন সেখানে সবার সেবা নিশ্চিত করে গিয়েছিলেন। তিনি যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই তাকে হত্যা করা হয়। দেশ যেভাবে এগোনোর কথা ছিল সেভাবে এগোতে পারেনি। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সেটাই আমাদের লক্ষ্য। সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই জাতির পিতার লক্ষ্য ছিল।’

তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর বয়স্ক ও বিধবাদের জন্য ভাতা চালু করেছি। ২০১৭-১৮ অর্থবছরে ৩৫ লাখ প্রবীণ ব্যক্তিকে, ১২ লাখ ৬৫ হাজার বিধবাকে ভাতা দিচ্ছি। বছরে ৭৫৯ কোটি টাকা ভাতা দেওয়া হচ্ছে। প্রতিবন্ধী ভাতা দিচ্ছি ৭০০ টাকা করে। ৮ লাখ প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। তাদের শিক্ষার ব্যবস্থা ও উপবৃত্তির ব্যবস্থাও করেছি।’

এছাড়া ৮৬ হাজার ৪০০ এতিমকে মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষের উন্নয়নে ভবঘুরেদের পুনর্বাসন আইন, প্রতিবন্ধী সুরক্ষা আইন, বাবা-মাকে ভরণপোষণ আইন, নিউরো ডেভেলপমেন্ট আইন, জাতীয় প্রবীণ নীতিমালা করা হয়েছে। এছাড়া হিজরা জনগোষ্ঠীকে সমাজে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছি। দারিদ্র্য ও কর্মজীবী মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা, সামাজিক নিরাপত্তা অধিকার থেকে বঞ্চিতদের ভাতা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভাতাভোগীরা যাতে মাসে ১০ কেজি চাল কিনতে পারেন সে বিষয়টি মাথায় রেখেই তাদের ভাতা দেওয়া হয়। আমরা এর বেশি ভাতা দিতে চাই না। কারণ বেশি ভাতা পেলে আর কেউ কাজ করতে চাইবে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের সুশীল সমাজ হাইপোথেটিক্যাল চিন্তা করে, প্রাকটিক্যাল চিন্তা করে না। তারা অভিযোগ করে বলে যে টাকা ভাতা দেওয়া হয় তাকে কি সংসার চলে? কিন্তু আমি বলতে চাই, সংসার চালানোর দায়িত্ব সরকারের না। আমাদের দায়িত্ব কেউ যেন অবহেলিত না থাকে, অভুক্ত না থাকে সে ব্যবস্থা করা। মানুষ যাতে কর্মবিমুখ হয়ে না যায় সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি।’

প্রসঙ্গত, মঙ্গলবার জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলোচনা সভা, দুস্থদের মাঝে ঋণ বিতরণ এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সমাজসেবা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

 

/এসএনএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক