মন্ত্রিপরিষদ সভায় অংশ নিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি আগে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে শপথ নেওয়া অন্য দুইজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী দফতর বণ্টন সম্পর্কিত প্রজ্ঞাপন না হওয়ায় মন্ত্রিপরিষদ সভায় অংশ নেননি।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভা শুরু হয়।
এদিকে, সচিবালয়ে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কার্যালয়ের সামনে গিয়ে দেখা গেছে নারায়ণ চন্দ্র চন্দের নামফলকে পরিবর্তন করা হয়েছে। প্রতিমন্ত্রী বাদ দিয়ে নামফলকে মন্ত্রী লেখা হয়েছে।
প্রসঙ্গত, সরকারের মেয়াদের চার বছরের মাথায় ২ জানুয়ারি তিন জন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।







