ছাত্রদলের প্রতিষ্ঠাবির্ষীর কর্মসূচির দিন ভাড়ার টাকা পরিশোধ না করায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষই মিলনায়তনে তালা মেরে রেখেছিল। পরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হস্তক্ষেপে তালা খুলে দেয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ। বুধবার (৩ জানুয়ারি) তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অনির্ধারিত এক আলোচনায় বিষয়টি উঠে আসে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়া একাধিক মন্ত্রী।
মন্ত্রীরা বাংলা ট্রিবিউনকে জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মিলনায়তনের ভাড়ার টাকা পরিশোধ না করায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষই দরজা বদ্ধ রেখেছিল। পরে ওবায়দুল কাদেরের হস্তক্ষেপে মিলনায়তনের দরজা খুলে দেওয়া হয়।’
মঙ্গলবার (০২ জানুয়ারি) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের প্রতিষ্ঠাবির্ষীর কর্মসূচি ছিল। কিন্তু ছাত্রদল কর্মসূচি পালনের জন্য গেলে নেতারা দেখেন যে, মিলনায়তনে তালা মারা। বিষয়টি নিয়ে সমালোচনা হয়।
বুধবার (০৩ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক অংশ নেওয়া একাধিক মন্ত্রী জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তালা বন্ধের ঘটনাটি জানার পর আমি আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানাই। কেন তালা বন্ধ রাখা হয়েছে। এতে সরকারের সমালোচনা হবে। বিষয়টি তাকে দেখতে বলি। ওবায়দুল কাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতির সঙ্গে কথা বলেন। জানতে চান, কেন মিলনায়তনের দরজা বন্ধ রাখা হয়েছে, এতে সরকারের সমালোচনা হচ্ছে। এসব বিষয়গুলো ওবায়দুল কাদের তাদের জানায়। ইনস্টিটিউট কর্তৃপক্ষ তখন ওবায়দুল কাদেরকে জানায়, ভাড়ার টাকা পরিশোধ করেনি বলে দরজা বন্ধ রাখা হয়েছে। ওবায়দুল কাদের তখন তাদের বলেছে ভাড়ার টাকা পরিশোধ হয়েছে, কি হয়নি; সেটা পরে দেখা যাবে। যেহেতু তাদের ভাড়া দেওয়া হয়েছে, সেহেতু তাড়াতাড়ি মিলনায়তনের দরজা খুলে দিন। এটা নিয়ে সরকারের সমালোচনা হবে। এরপর মিলনায়তনের দরজা খুলে দেয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ।’
বৈঠকে অংশ নেওয়া একাধিক মন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে পদ্মা সেতু নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের প্রসঙ্গটিও আসে। ছাত্রদলের ওই সভায় পদ্মা সেতু নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতিবাচক বক্তব্যের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (০২ জানুয়ারি) ছাত্রদলের কর্মসূচিতে খালেদা জিয়া নির্মাণাধীন পদ্মাসেতু নিয়ে বলেছেন, ‘জোড়াতালি দিয়ে এ সেতু বানানো হচ্ছে, এই সেতুতে রিস্ক আছে।’ খালেদা জিয়ার এমন বক্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘উনি না বুঝে, যখন যা খুশি তাই বলেন। উনি এসব কিছু বোঝেন না। তিনি যেটুকু বুঝেছেন সেটুকু বলেছেন। তাই এ ব্যাপারে আমি আর কি বলবো?’








