‘কমিটির সঙ্গে আলাপ না করে কিভাবে রাতারাতি পাঠ্যবইয়ে পরিবর্তন আনা হয়? বাংলাদেশের মতো একটি দেশে যেখানে আমলাতান্ত্রিক জটিলতা বেশি, সেখানে কিভাবে তড়িঘড়ি করে বইয়ে পরিবর্তন আনা হয়?’ বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘আমাদের পাঠ্যবই’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক এসব কথা বলেন।
আরিফ জেবতিক বলেন, ‘শোয়েব জিবরান, মোহাম্মদ জাফর ইকবাল বা ওই কমিটিতে যারা ছিলেন তারা তাদের মতো করে চিন্তা করে, আমাদের সরকারে যারা আছেন তারা চিন্তায় আছেন সরকারকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আজকে রবীন্দ্রনাথ নিষিদ্ধ হয়েছে আমাদের বইয়ে, হুমায়ূন আজাদ নেই, লালন নেই। তাদের যে কবিতাগুলো পাঠ্যবইয়ে দেওয়া হচ্ছে সেগুলোকে সাম্প্রদায়িকতার কাতারে নিয়ে যাচ্ছেন। যা খুবই দুঃখজনক। ’
সাংবাদিক মুন্নি সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন উদ্দীপন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী নাসরিন, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ডা. সৌমিত্র চক্রবর্তী, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ এবং বাংলা ট্রিবিউনের সাংবাদিক রশিদ আল রুহানী।
আরও পড়তে পারেন: বিজ্ঞান বিষয়ে সহায়ক বইয়ের প্রয়োজন নেই: ডা. সৌমিত্র চক্রবর্তী








