মিয়ানমারে রোহিঙ্গা শিশুদের ফেরত পাঠানোর আগে উন্নত নিরাপত্তা এবং অবাধে মানবিক সহায়তার দেওয়ার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি এক বিবৃতিতে এ কথা বলেছে।
কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ইউনিসেফের সহকারী নির্বাহী পরিচালক জাস্টিন ফোরসিথ বলেন, ‘মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের মধ্যে ৫৮ শতাংশই শিশু। সেখানে সন্ত্রাসী ঘটনা দেখার পর এখনও তারা ভীত। রোহিঙ্গা পরিবার প্রত্যাবাসনের চুক্তিতে এসব শিশুর অধিকার ও প্রয়োজনের বিষয়টি অবশ্যই জোরালোভাবে থাকা দরকার। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অবশ্যই স্বেচ্ছায়, নিরাপদ ও সম্মানজনক হতে হবে।’
গত বছরের আগস্টে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়ন শুরু হলে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। এ পর্যন্ত ৬ লাখ ৮৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। এর মধ্যে অর্ধেকের বেশি শিশু।
বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করে ফোরসিথ বলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গার সহায়তায় বাংলাদেশ সরকার যা করেছে সেজন্য তারা বিরাট কৃতিত্বের দাবিদার। খবর বাসস।








