ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লাঞ্ছনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ‘সচেতন শিক্ষার্থী’দের ব্যানারে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন করা হয়।
এ সময় বক্তারা বলেন, ‘আমাদের অভিভাবক হলেন উপাচার্য। আন্দোলনের নামে গত মঙ্গলবার কিছু বাম সংগঠনের নেতাকর্মীরা তাকে লাঞ্ছনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের মূল্যবান সম্পদ বিনষ্ট করেছেন। কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছেন। এসব বিনষ্টকারী কখনও বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারে না। তাই আমরা তাদের বহিষ্কারের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে যোগাযোগ বৈকল্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাফিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যারা আমাদের শ্রদ্ধেয় উপাচার্যকে অপমান করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
সচেতন শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকারের পাশে আছি। সেদিন কিছু বাম সংগঠনের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারের নামে বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের ওপর হামলা চালিয়েছে। আমি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জড়িতদের অবিলম্বে বহিষ্কার চাই।’
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি (মঙ্গলবার) নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে এবং উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ ওঠে।








