জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়কে ঘিরে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার (২৬ জানুয়ারি) ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আইন সবার জন্য সমান। রায়ের পর কেউ বিশৃঙ্খলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন সবার জন্য সমান। অপরাধ যে-ই করুক না কেন তার শাস্তি হবে।’
একই বিষয়ে কথা বলেছেন বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হক। মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, ‘রায় আদালত দেবে। আদালত কারও পক্ষে বা বিপক্ষে রায় দেয় না। এতদিন যে সাক্ষী প্রমাণ হাজির করা হয়েছে সে ভিত্তিতেই রায় হবে। রায় যা-ই হোক তা আমাদের সবার মেনে নেওয়া উচিত। রায় কেউ না মানলে তারা উচ্চ আদালতে যেতে পারেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া আছে। সেটা মেনে চলা উচিত। বিএনপি দায়িত্বশীল একটি দল। রায় তারা মেনে নিতে না পারলে আইনি প্রক্রিয়ায় যাবে। কিন্তু দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কিছু তারা করবে না এটা আমার বিশ্বাস। তারপরও আমাদের প্রস্তুতি থাকবে। কেউ যদি পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’








