সাভারের হেমায়েতপুর থেকে মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকায় আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রায় ৩হাজার ৭২৫টিরও বেশি গাছ কেটে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশবাদীদের ২১টি সংগঠন। শনিবার (২৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। এতে বক্তারা বলেন, সাভারের হেমায়েতপুর থেকে মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার আঞ্চলিক মহাসড়কের ৩ হাজার ৭২৫টিরও বেশি গাছ কাটার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যেই সহস্রাধিক গাছ কেটে ফেলা হয়েছে। এই এলাকার গাছগুলো কেটে ফেলা হলে পরিবেশ ও জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি হবে।
বক্তারা আরও বলেন, গাছগুলো মহাসড়ক এবং আইল্যান্ডের একপাশে রেখে রাস্তা সম্প্রসারণ সম্ভব। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এই প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপনের (ইআইএ) প্রতিবেদন প্রস্তুত করে পরিবেশগত ছাড়পত্র গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এসব গাছ কাটার বিষয়ে গণমাধ্যমসহ সব মহলেই ব্যাপক আলোচনা, সমালোচনা হলেও পরিবেশ অধিদফতর নীরব ভূমিকা পালন করছে।
মানববন্ধনে বক্তারা ৫দফা সুপারিশ বাস্তবায়নেরও দাবি জানান। সুপারিশগুলো হলো- মানিকগঞ্জের সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ করার জন্য গাছ কাটা কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ করা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় মহাসড়কের দুই পাশের গাছগুলো রেখে মহাসড়ক সম্প্রসারণ করা, হেমায়েতপুর সিঙ্গাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুই পাশের গাছগুলো অক্ষত রেখে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক মহাসড়কটির উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন (ডিপিপি) সংশোধনের উদ্যোগ গ্রহণ করা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সড়ক ও জনপথ বিভাগ গত ৬ মাসেও মহাসড়কটির উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) সংশোধনের উদ্যোগ গ্রহণ না করার কারণ চিহ্নিত করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়ক-মহাসড়কের দুই পাশের গাছ কাটা বন্ধে পরিবেশ অধিদফতরের কার্যকর ভূমিকা পালন করা।








