বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সন্ত্রাসের রানি বলে আখ্যায়িত করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তবে পেছনে কে হইচই করলো, হুক্কাহুয়া করলো, তা দেখার সময় নেই। যথাসময়ে সংবিধান অনুসারে নির্বাচন হবে।’রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় তিনি এসব কথা বলেন।
২০১৪ সালের নির্বাচনের আগে পরে জ্বালাও-পোড়াওয়ের ঘটনা তুলে ধরে মতিয়া চৌধুরী বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের আগেও বিএনপির চেয়ারপারসন ও তার দল সন্ত্রাস করেছে। তাদের গণতন্ত্র হচ্ছে রাজাকার-খুনি-জঙ্গিদের গণতন্ত্র।’ তিনি বলেন, ‘‘আমি এখন ‘ইনক্লুসিভ ইলেকশন’ এই শব্দটা খুব বেশি শুনতে পাচ্ছি। ইনক্লুসিভনেস কী? জীবন আর মৃত্যুকে আলিঙ্গন করার নাম ইনক্লুসিভনেস? আমরা অনবরত জানাজা পড়ার গণতন্ত্র চাই?’’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তাদের দুই সন্তানের সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, ‘নিরাসক্ত দৃষ্টিতে বিচার করলে দেখা যাবে, এই পরিবারটি শুধু গণতন্ত্রের শত্রু নয়, তারা দেশের সম্পদ লুট ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত।’ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি অভিযোগ করেন, ‘একটা শ্রেণি সরকারের উন্নয়ন কাজ দেখে না।’
অন্যদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সাংসদ সিমিন হোসেন রিমি, রিফাত আমিন আলোচনায় অংশ নেন।








