রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নিয়োগ নিয়ে তালবাহানার প্রতিবাদে মানববন্ধন করেছে সুপারিশপ্রাপ্ত নিয়োগ প্রার্থীরা। সোমবার ( ২৯ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।
প্রার্থীদের দাবি, বিটিসিএল কর্তৃপক্ষ প্রায় ২ বছর ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অ্যাকাউনটেন্ট পদে ২০১৬ সালের ২৭ আগস্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশ করা হয় একই বছর ২৪ সেপ্টেম্বর। ২৩ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। যার ফলাফল প্রকাশ করা হয় ২০১৭ সালের ২৬ জুন।
বক্তারা বলেন, চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ১২০ নিয়োগ প্রার্থীদের নিয়োগপত্র না দিয়ে বিটিসিএল তালবাহানা করে যাচ্ছে। তাই তারা মানববন্ধন করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। যাতে করে তিনি বিটিসিএল কর্তৃপক্ষকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।








