প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিপুল সংখ্যক রোহিঙ্গার উপস্থিতির কারণে বাংলাদেশের আর্থসামাজিক, পরিবেশগত এবং জনসংখ্যার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে।
সোমবার সন্ধ্যায় সুইডেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত শার্লট শ্যালেটার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য স্বাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা করেছে এবং এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয় প্রদানে সরকার একটি দ্বীপকে উন্নয়ন করছে।
শার্লট রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে তার দেশের পূর্ণ সমর্থনের বিষয়ে পুনরায় আশ্বাস দেন। এসময় প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে সুইডেনের শক্তিশালী রাজনৈতিক এবং মানবিক ভূমিকার প্রশংসা করেন।
দেশ পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে তার সরকারের অর্জন তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মূলত কৃষিভিত্তিক দেশ হলেও তার সরকার এখানে বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
সুইডেনের রাষ্ট্রদূত দু’দেশের মধ্যে বিদ্যমান উন্নয়ন কর্মকাণ্ড বৃদ্ধিতে তার দেশের আগ্রহের কথা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। খবর বাসস।







