মালয়েশিয়া থেকে কোনও চাহিদা না থাকায় সে দেশে সরকারিভাবে কোনও কর্মী পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় জি টু জি প্লাস প্রক্রিয়ায় সমাঝোতা স্মারকের পর থেকে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত ৭৫ হাজার ২৪০জন কর্মী মালয়েশিয়া গেছেন। বর্তমানে এক কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৯৪৩ জন কর্মী বিদেশে রয়েছেন।’ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে তিনি এই তথ্য জানান।
সরকারি দলের দিদারুল আলমের প্রশ্নের জবাবে বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, ‘সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের ফলে ২০১৭ সালে ১০ লাখ ৮ হাজার ৫২৫ জন কর্মী বিদেশে গেছেন।’
মুহা. গোলাম মোস্তফা বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে বিদেশগামী কর্মীর সংখ্যা (ডিসেম্বর-১৭) এক কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৯৪৩ জন।’
গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জনশক্তি ব্যুরোর ছাড়পত্র নিয়ে ৩৩ লাখ ৯৩ হাজার ২৭১ জন কর্মী সৌদিআরব গিয়েছেন। এরমধ্যে ২০১৭ সালে গিয়েছে ৫ লাখ ৫১ হাজার ৩০৮ জন।’








