এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, এয়ার নেভিগেশন, এক্সিডেন্ট ইনভেস্টিগেশনসহ বিমানবন্দর সমূহের উন্নয়ন ও মানবসম্পদসহ এভিয়েশন সেক্টরের উন্নয়নে সরকার কার্যক্রম গ্রহণ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল।
বেইজিংয়ে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন সিভিল এভিয়েশনে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি। শুক্রবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
শাহজাহান কামাল বলেন, ‘বিশ্ব ক্রমেই ছোট হয়ে আসছে। এর অন্যতম অনুষঙ্গ এভিয়েশন শিল্পের অভূতপূর্ব উন্নয়ন। বর্তমান পৃথিবীতে বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন এবং আন্তঃরাষ্ট্রিক সম্পর্কোন্নয়নে এভিয়েশন সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ এর গুরুত্ব উপলদ্ধি করে এভিয়েশন সেক্টরের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে।’
বেইজিংয়ে গত ৩১ জানুয়ারি এ সম্মেলন উদ্বোধন করেন চীনের উপ-প্রধানমন্ত্রী মা কাই। সম্মেলনে ৩১টি দেশের বিমানমন্ত্রীসহ ৩০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।








