প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, ‘বর্তমান সরকারের অর্জনে অংশীদার প্রবাসী বাংলাদেশি কর্মীরাও। বিদেশে কর্মসংস্থান তৈরি ও রেমিটেন্স পাঠানোসহ দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছেন তারা।’
রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক সম্মেলন কক্ষে শ্রম কল্যাণ সম্মেলন-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শ্রম কল্যাণ উইং কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘শ্রম কল্যাণ উইং-এ দূর-দুরান্ত থেকে যেসব কর্মীরা আপনাদের কাছে সেবা নিতে আসে তারা যেন হাসি মুখে সেবা নিয়ে কর্মস্থলে ফিরে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেবা পেতে তাদের সময়, ভিজিট ও যাতায়াত খরচ কমানোর দিকে সজাগ থাকবেন। কোনও কর্মীই যেন সেবা না নিয়ে ফিরে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. নমিতা হালদার বলেন, শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তাদের বার্ষিক সম্মেলন নিয়মিত কার্যক্রম। বিশ্বের শ্রমবাজারে প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে। কিছু কিছু শ্রম বাজার যেমন সংকুচিত হচ্ছে আবার নতুন নতুন শ্রমবাজার সম্প্রসারিত হচ্ছে। এসব পরিস্থিতিতে শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তাদের কৌশল নির্ধারণে ধারণা প্রদান এ সম্মেলনের একটি অন্যতম উদ্দেশ্য। সফল শ্রম কূটনীতি দ্বারা অনেক সমস্যার সমাধান করা সম্ভব।
৪-৮ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শ্রম কল্যাণ সম্মেলন ২০১৮ তে ২৬টি দেশের ২৯টি শ্রম কল্যাণ উইংয়ের ৪৪ জন কর্মকর্তা অংশ নেবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. নমিতা হালদার এনডিসি’র সভাপতিত্ব অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আমিনুল ইসলাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা এবং বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।








