রাজধানী ঢাকা ট্যুরিজম সিটি হিসেবে স্বীকৃতি পাবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকালে সোনারগাঁও হোটেলে
ওআইসিভুক্ত দেশগুলোর পর্যটনবিষয়ক মন্ত্রীদের সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
তুরস্ক, বাহরাইন ও আজারবাইজানের পর্যটন বিষয়ক মন্ত্রী, উপমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।
বৈঠক শেষে মন্ত্রী বলেন, ‘ওআইসিভুক্ত ৫৭টি দেশের মধ্যে ২৫টি দেশের ১৫ জন মন্ত্রীসহ মোট ৮৫ জন প্রতিনিধির অংশ গ্রহণে সম্মেলনের মধ্যদিয়ে বিশ্বের মুসলিম দেশগুলোর পর্যটন উন্নয়নে আলোচনা হয়েছে। এ সম্মেলনের মধ্যদিয়ে বাংলাদেশের পর্যটনে বিনিয়োগের আহ্বান জানানো হচ্ছে। একইসঙ্গে বাংলাদেশের ইসলামিক কালচারাল হেরিটেজভিত্তিক যেসব পর্যটন শিল্প রয়েছে, তা বিশ্বের মুসলিম দেশগুলোর সামনে তুলে ধরা হচ্ছে।’
তুরস্ক, বাহরাইন ও আজারবাইজানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে শাহজাহান কামাল বলেন, ‘তিনটি দেশই বাংলাদেশে সম্মেলনের আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা বাংলাদেশের পর্যটনে তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছি, তারাও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।’
শাহজাহান কামাল বলেন, ‘কক্সবাজারে আমরা এক্সক্লুসিভ ট্যুরিজম জোন তৈরি করার উদ্যোগ নিয়েছি। এখাতে বিনিয়োগের জন্য আমরা তুরস্ক ও বাহরাইনকে আহ্বান জানিয়েছি। তারাও বিনিয়োগের আশ্বাস দিয়েছেন। পর্যটন খাতে ওআইসিভুক্ত দেশগুলোতে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে ঢাকায় ওআইসির একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের বিষয়েও তাদের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে তুলে ধরা হয়েছে।’
বৈঠক শেষে তুরস্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী নুমান কুরতুলমুস, বাহরাইনের বাণিজ্য, শিল্প ও পর্যটনমন্ত্রী যায়েদ আর আলজায়ানী ও আজারবাইজানের পর্যটন উপমন্ত্রী আদিল সামাদোবকে শুভেচ্ছা স্মারক তুলে দেন শাহজাহান কামাল।
প্রসঙ্গত, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আইসিটিএম’র এটি ১০তম অধিবেশন এবং বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম সম্মেলন। এ সম্মেলনে সংস্থাটির পরবর্তী ১১তম সম্মেলন কোথায় হবে, তার ভেন্যু ঠিক করা হবে। ৭ ফেব্রুয়ারি অতিথিদের জন্য একটি টেকনিক্যাল ট্যুরের আয়োজন করা হবে।
ছবি: সাজ্জাদ হোসেইন








