রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউস সংলগ্ন দেয়াল ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে কয়েকজন শ্রমিক আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিমানবন্দর থানার ওসি নূরে আযম সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এখন পর্যন্ত দুই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। দেয়ালের পাশের ড্রেন পরিষ্কারের সময় হঠাৎই দেয়াল ধসে পড়ে।
বিমানবন্দর থানার ডিউটি অফিসার এস আই মো. ফরহাদ জানিয়েছেন, আহত ও আটকে পড়াদের উদ্ধারে র্যাব, এবিপিএন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। তবে কতজন দেয়ালের নিচে চাপা পড়েছেন তা জানাতে পারেননি তিনি। এ ঘটনায় বিমানবন্দরের কার্যক্রমে কোনও ব্যাঘাত ঘটেনি বলেও তিনি জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে কাস্টমস হাউসের সীমানা প্রাচীর ধসে পড়ে। তবে নিচে কেউ চাপা পড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আমাদের কর্মীরা সেখানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন।’ দুপুরের পর উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।








